দেশ

কুনোয় খুশির জোয়ার! ৫ শাবকের জন্ম দিল চিতা ‘জ্বালা’

নতুন পাঁচটি শাবকের জন্মের ফলে ভারতে জন্ম নেওয়া চিতা শাবকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩-এ।

Truth of Bengal: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আনা চিতা জ্বালা পাঁচটি শাবকের জন্ম দিয়েছে। এর ফলে ভারতে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩-এ। সোমবার এই সুখবর জানান কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দার যাদব। মন্ত্রী জানান, চিতা সংরক্ষণ প্রকল্পের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য। জ্বালা এর আগে দু’বার শাবকের জন্ম দিয়েছিল এবং এবার তৃতীয়বারের মতো মা হয়েছে। নতুন পাঁচটি শাবকের জন্মের ফলে ভারতে জন্ম নেওয়া চিতা শাবকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩-এ।

এর কয়েকদিন আগেই একই উদ্যানে আরেকটি চিতা গামিনী চারটি শাবকের জন্ম দিয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে একাধিক শাবকের জন্ম চিতা সংরক্ষণ প্রকল্পকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মন্ত্রী বলেন, এই সাফল্যের পেছনে পশুচিকিৎসক, বনকর্মী এবং সংরক্ষণ প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের নিরলস পরিশ্রম রয়েছে। তাদের প্রচেষ্টাতেই কুনো জাতীয় উদ্যানে চিতাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, ভারতের মাটিতে চিতা প্রায় সাত দশক আগে বিলুপ্ত হয়ে যায়। পরে চিতা পুনঃপ্রবর্তনের লক্ষ্যে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি  নামিবিয়া থেকে আনা আটটি চিতাকে কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দিয়ে এই কর্মসূচির সূচনা করেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহব যাদব বলেছেন, দেশে চিতার সংখ্যা ৫০ ছাড়িয়ে যাওয়া বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে একটি গর্বের মাইলফলক। এই উদ্যোগ ভবিষ্যতে চিতার সংখ্যা আরও বাড়াতে সাহায্য করবে এবং একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ ও পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করবে।

Related Articles