বিনোদন

কলকাতার কনসার্ট বাতিল করলেন সুনিধি চৌহান, কী জানালেন গায়িকা?

আপাতত সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

Truth of Bengal: শারীরিক অসুস্থতার কারণে কলকাতায় নিজের বহুল প্রতীক্ষিত কনসার্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন প্রখ্যাত গায়িকা সুনিধি চৌহান। আগামী ১৪ মার্চ তিলোত্তমায় তাঁর পারফর্ম করার কথা ছিল, কিন্তু গলার সংক্রমণের জেরে আপাতত সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গায়িকা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ভক্তদের এই দুঃসংবাদটি দিয়েছেন। সুনিধি জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তাঁর গলার পূর্ণ বিশ্রামের প্রয়োজন, তাই এই মুহূর্তে মঞ্চে গান গাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

গত ২৭ ডিসেম্বর থেকে সুনিধি তাঁর ‘আই অ্যাম হোম’ ট্যুর শুরু করেছেন। এই সফরের অংশ হিসেবেই সম্প্রতি লখনউয়ে একটি কনসার্ট করেন তিনি। সেই অনুষ্ঠানে গান গাইতে গিয়ে গলার সমস্যার কারণে নিজের সেরা পারফরম্যান্স দিতে না পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। মঞ্চেই তাঁকে কাঁদতে দেখা যায় এবং তিনি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে বলেন যে, তিনি গান গাইতে চাইলেও তাঁর গলার অবস্থা একদমই ভালো নয়। ভক্তরা তাঁর পাশে থাকায় তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

তবে কলকাতার দর্শকদের জন্য নিরাশ হওয়ার কিছু নেই। ১৪ মার্চের পরিবর্তে আগামী ২৫ মার্চ এই কনসার্টটি আয়োজিত হবে। সুনিধি আশ্বস্ত করেছেন যে, ১৪ তারিখের জন্য কেনা টিকিটেই দর্শক ২৫ মার্চের অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। কলকাতায় বড় পর্দার এই তারকার গানের জাদুতে মেতে ওঠার জন্য ভক্তদের আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।