পারিশ্রমিকে টেক্কা দিলেন শাহিদ! ‘ককটেল ২’-র তিন তারকার আয়ের অঙ্ক ফাঁস
শোনা যাচ্ছে, ছবির তিন প্রধান চরিত্রের মধ্যে পারিশ্রমিকের নিরিখে শাহিদ কপূরই সবার শীর্ষে রয়েছেন।
Truth Of Bengal: সমুদ্রতট, পড়ন্ত বিকেলের রোদ আর বন্ধুত্বের আবহে ‘ককটেল ২’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সিনেপাড়ায় উত্তেজনা তুঙ্গে। এই ছবির হাত ধরেই বড় পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে শাহিদ কপূর, রশ্মিকা মন্দানা এবং কৃতি সেননকে। তিনজনেই বর্তমানে বলিউডের প্রথম সারির তারকা, তাই তাঁদের রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। তবে এই আকর্ষণের পাশাপাশি একটি বড় প্রশ্ন এখন বিনোদন জগতের অন্দরে ঘোরাফেরা করছে— এই তিন তারকার মধ্যে কে পেলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক? অতীতে মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীরা অনেক ক্ষেত্রে হিরোদের চেয়ে বেশি পারিশ্রমিক পেলেও, বলিউডে সাধারণত নায়কদের পারিশ্রমিক বেশি হওয়ার চলই বেশি। ‘ককটেল ২’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
শোনা যাচ্ছে, ছবির তিন প্রধান চরিত্রের মধ্যে পারিশ্রমিকের নিরিখে শাহিদ কপূরই সবার শীর্ষে রয়েছেন। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন অনুযায়ী, এই ছবির জন্য শাহিদ প্রায় ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ‘কবীর সিংহ’-এর ব্যাপক সাফল্যের পর থেকেই শাহিদ নিজের দর অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে, দুই জনপ্রিয় নায়িকা কৃতি সেনন এবং রশ্মিকা মন্দানার পারিশ্রমিকের পরিমাণ প্রায় সমান। জাতীয় পুরস্কার জেতার পর কৃতির চাহিদা যেমন তুঙ্গে, তেমনি ‘পুষ্পা’র মতো ব্লকবাস্টার ছবির পর রশ্মিকার জনপ্রিয়তাও আকাশছোঁয়া। জানা গেছে, তাঁরা দুজনেই এই ছবির জন্য প্রায় ১৫ কোটি টাকা করে নিয়েছেন।
নায়ক ও নায়িকাদের পারিশ্রমিকে বিপুল ফারাক থাকলেও, তিনজনের ক্যারিয়ারের গ্রাফই এখন সাফল্যের শিখরে। শাহিদের দীর্ঘ অভিজ্ঞতা আর দুই নায়িকার বর্তমান গ্ল্যামার ও অভিনয় দক্ষতার সংমিশ্রণ ‘ককটেল ২’-কে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দেয়, এখন সেটাই দেখার বিষয়।

