গ্ল্যামার দুনিয়ার পাওয়ার কাপল বিজয়-রশ্মিকার আকাশছোঁয়া নেট ওয়ার্থ কত?
দুজনের সম্মিলিত সম্পত্তির পরিমাণ বা 'নেট ওয়ার্থ' জানলে যে কেউ চমকে যেতে বাধ্য। বর্তমানে বিনোদুনিয়ার অন্যতম বিত্তশালী জুটি হিসেবে উঠে আসছে 'বিরোশে'র নাম
দক্ষিণী বিনোদুনিয়ার ‘পাওয়ার কাপল’ রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবরেকোন্ডার বিয়ে নিয়ে চর্চা থামছেই না। তাঁদের রাজকীয় বিয়ে আর গয়নার জৌলুস দেখে যখন সাধারণ মানুষের চোখ কপালে, তখনই সামনে এল এই তারকা দম্পতির আকাশছোঁয়া সম্পত্তির খতিয়ান। দুজনের সম্মিলিত সম্পত্তির পরিমাণ বা ‘নেট ওয়ার্থ’ জানলে যে কেউ চমকে যেতে বাধ্য। বর্তমানে বিনোদুনিয়ার অন্যতম বিত্তশালী জুটি হিসেবে উঠে আসছে ‘বিরোশে’র নাম।

রশ্মিকা মন্দানার সাফল্যের গ্রাফ এখন তুঙ্গে। ‘পুষ্পা’ ছবির পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা বর্তমানে ৪৮০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। দক্ষিণী ছবির জগতে তিনি অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী, ছবি পিছু যাঁর দাবি প্রায় ৪ কোটি টাকা। বিজ্ঞাপন এবং অন্যান্য ক্ষেত্র মিলিয়ে রশ্মিকা বর্তমানে ৬৬ কোটি টাকার সম্পত্তির মালকিন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাঁর একাধিক বিলাসবহুল আবাসন। বেঙ্গালুরুতে তাঁর ৮ কোটি টাকার বাড়ি ছাড়াও কুর্গে রয়েছে একটি প্রাসাদোপম ভিলা, যার বাজারদরও প্রায় ৮ কোটি টাকা। এছাড়া হায়দরাবাদ, গোয়া এবং মুম্বইতেও নিজের আস্তানা বানিয়েছেন তিনি। মুম্বইয়ের নতুন বাড়িটি নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী জানিয়েছেন, আধুনিকতায় মোড়া এই বাড়িটি তাঁর এবং তাঁর পোষ্যের অত্যন্ত পছন্দের। তাঁর গ্যারেজে রয়েছে রেঞ্জ রোভার স্পোর্টস, অডি কিউ-৩ এবং মার্সিডিজ বেঞ্জ সি ক্লাসের মতো দামী সব গাড়ি।

অন্যদিকে বিজয় দেবরেকোন্ডার সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রতি ছবির জন্য বিজয় ১২ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। অভিনয় ছাড়াও সামাজিক মাধ্যম এবং নিজস্ব ব্যবসা থেকে তাঁর মোটা টাকা আয় হয়। সব মিলিয়ে বিজয়ের সম্পত্তির পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা। হায়দরাবাদের অভিজাত জুবিলি হিলসে তাঁর একটি ১৫ কোটি টাকার বাংলো রয়েছে। বিজয়ের সংগ্রহের গাড়ির তালিকায় রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজ, ফোর্ড মুস্টাং এবং ভলভো এক্সসি-৯০। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, বিজয়ের একটি নিজস্ব প্রাইভেট জেট রয়েছে যার আনুমানিক বাজারদর প্রায় ৩০ কোটি টাকা। ২০২৬ সালে ফোর্বস ইন্ডিয়ার ১০০ জন প্রভাবশালী তারকার তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি। হিসেব বলছে, নবদম্পতি রশ্মিকা ও বিজয়ের মোট যৌথ সম্পত্তির পরিমাণ ১৩০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। রুপোলি পর্দার এই জুটি যে বাস্তবেও কতটা প্রভাবশালী এবং বিত্তশালী, এই পরিসংখ্যান তারই প্রমাণ দিচ্ছে। আভিজাত্য আর সাফল্যের নিরিখে ‘বিরোশে’ এখন ভারতের বিনোদুনিয়ার অন্যতম চর্চিত নাম।






