
The Truth of Bengal: পূর্বাভাস মতো বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়েছে কলকাতায়। শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যে আবহাওয়া মোটের ওপর শুকনো থাকবে। তবে কি আবার ফিরতে পারে শীত? বিরাট কিছু পরিবর্তন না হলেও আগামী দু’দিনে রাজ্যের তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কমবে রাতের তাপমাত্রা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী দু’দিনে রাজ্যের তাপমাত্রা আরও দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কমবে রাতের তাপমাত্রা। আবার কিছুটা হলেও ফিরতে পারে শীত। তবে তার পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঠান্ডা আমেজ থাকলেও উধাও হবে শীত। ক্যালেন্ডার অনুযায়ী, শীত পার করে বসন্ত এসে গিয়েছে।
শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিঙে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। কালিম্পঙে বৃষ্টি হতে পারে সোমবার এবং মঙ্গলবার। আগামী কয়েক দিনের মধ্যে রাজ্য থেকে পাকাপাকি বিদায় নেবে শীত। তারপর আসবে গরম। তবে এবছর শীত অন্য বছরের তুলনায় কিছুটা দীর্ঘ ইনিংস খেলেছে। বেশ কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে। বিদায় নিলেও শীত এবছরের আশাহত করেনি রাজ্যবাসীকে।






