রাজ্যের খবর

জয়নগরে কাণ্ডের পর আবারও খুন তৃণমূল নেতা

Amdanga Trinamool leader Death

The Truth of Bengal: আবার খুন তৃণমূল জনপ্রতিনিধি। জয়নগরে তৃণমূল নেতা খুনের পর এবার তৃণমূল পঞ্চায়েত প্রধান খুন হলেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের আমডাঙায়। বৃহস্পতিবার রাতে বোমা হামলায় মৃত্যু হয় ওই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। নিহত পঞ্চায়েত প্রধানের নাম রূপচাঁদ মণ্ডল। ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল নেতা-কর্মীরা। জানা গিয়েছে,  বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার কামদেবপুর হাটের একটি দোকানে বসেছিলেন রূপচাঁদ।

সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে  যায় দুষ্কৃতীরা। রাতভর তল্লাশির পর উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ আমডাঙার খুড়িগাছি এলাকা থেকে আনোয়ার হোসেন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি বোদাই পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখন পর্যন্ত ৪ জনের নামে এফআইআর হয়েছে।মারাত্মক জখম অবস্থায় রূপচাঁদকে দেখতে হাসপাতালে যান আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। দ্রুত হাসপাতালে যান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও।

বিধায়ক ও সাংসদের দাবি, কে বা কারা এই ঘটনার পেছনে আছে, তদন্ত করে দ্রুত খুঁজে বের করুক পুলিশ।কী কারণ আছে এই খুনের ঘটনার পেছনে? তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে এলাকা সূত্রে জানা যাচ্ছে, আমডাঙা ও বোদাই পঞ্চায়েতের মধ্যে কামদেবপুর হাটের দখলদারি নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। তার জেরেই এই খুন হতে পারে। সবদিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। এফআইআর-এ নাম থাকা বাকিদের খোঁজার চেষ্টা করছে পুলিশ।

Related Articles