দেশ

মধ্যপ্রদেশে ধর্ষিতা নাবালিকার যাবতীয় খরচের দায়ভার নিতে চাইলেন পুলিশ অফিসার

নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে

The Truth of Bengal: মধ্যপ্রদেশের উজ্জয়ীনির নাবালিকা ধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সেই নাবালিকাকে দত্তক নিলেন এক পুলিশ অফিসার। তিনি জানালেন, তার পড়াশুনা থেকে স্বাস্থ্য সমস্ত কিছুর দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এক পুলিশ অফিসার।

কয়েকদিন আগেই, এক নাবালিকা ধর্ষিতা হওয়ার পর আট কিলোমিটার হেঁটে বাড়ি ফেরে। পথের মধ্যে বহু মানুষের কাছে সাহায্য চাইলেও কেউ তেমনভাবে এগিয়ে আসেনি। যদিও পরে এক মন্দিরের পুরোহিত তাকে সাহায্য করে। নাবালিকার অর্ধনগ্ন হয়ে হাঁটার দৃশ্য সংবাদমাধ্যমে প্রকাশ পেতেই শোরগোল পড়ে যায়। বিড়ম্বনায় পড়ে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। তড়িঘড়ি তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত অটোচালককে।

ধর্ষিতা নাবালিকার সংবাদ দেখার পরেই শিউরে ওঠেন মহাকাল থানার ইনস্পেক্টর অজয় বর্মা। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন, নাবালিকার নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুর দায়িত্ব নিতে তিনি ইচ্ছুক। প্রয়োজনে দত্তকও নিতে চান তিনি।

উজ্জয়িনীর পুলিশ সুপার  সচিন শর্মা জানিয়েছেন, ওই কিশোরীর দায়িত্ব নিতে চেয়েছেন মহাকাল থানার ইনস্পেক্টর। কিশোরীর পরিবারের অনুমতি পেলে, তিনি দত্তক নিতে পারবেন। যদিও, দত্তক নিতে না পারলেও, শিক্ষা, স্বাস্থ্যসহ সমস্ত বিষয়ে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পুলিশ সূত্রের খবর, নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তাঁরা আইনত অনুমতি দিলেই, নাবালিকাকে দত্তক নিতে কোনও বাধা থাকবে না।