কলকাতা

জোড়াফুলের দখল নিয়ে সংঘাত! নথি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ঋতব্রতর

সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডলে এই অভিযোগ করেন তিনি।

Truth of Bengal: জোড়াফুল প্রতীকের মালিকানা নিয়ে তৃণমূলের দুই শিবিরের লড়াই এবার নতুন মোড় নিল। নথি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ তুললেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডলে এই অভিযোগ করেন তিনি। যদিও কালীঘাট শিবিরের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ঋতব্রতর দাবি, কালীঘাট শিবির ২৫ অক্টোবর রাতে চার্টার্ড বিমানে নিজেদের নথি দিল্লিতে পাঠিয়েছে। অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ২৪ অক্টোবর সড়কপথে নথিপত্র নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হন। সোমবার সকালে তাঁদের ট্রাক আটকে নথি ছিনতাইয়ের চেষ্টা হয় বলে অভিযোগ। তাঁর দাবি, কর্মীরা সেই চেষ্টা রুখে দিয়েছেন। কটাক্ষ করে ঋতব্রত বলেন, চার্টার্ড সংস্কৃতি ও তৃণমূল স্তরের মধ্যে ছোটখাটো যুদ্ধ হয়ে গেল। গায়ের জোরে সবকিছু লুটের চেষ্টা সব সময় সফল হয় না।

তৃণমূল কংগ্রেসে বিভাজনের পর গত ৬ অক্টোবর উপনির্বাচনের আগে নির্বাচন কমিশন দুই শিবিরকে অস্থায়ীভাবে আলাদা নাম ও প্রতীক দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির পেয়েছিল ফুটবলার প্রতীক, আর ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস পেয়েছিল খাম প্রতীক। তবে দলের পুরনো প্রতীক জোড়াফুলের মালিকানা নিয়ে বিবাদ এখনও মেটেনি।

২৬ অক্টোবর নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নথি ও চূড়ান্ত হলফনামা জমা দেওয়ার শেষ দিন। সেই আবহেই নথি ছিনতাইয়ের অভিযোগ ঘিরে দুই শিবিরের সংঘাত আরও তীব্র হল।

Related Articles