দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কবার্তা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
Truth of Bengal: রবিবার ও সোমবার টানা বৃষ্টির পর মঙ্গলবার সকালে কলকাতাবাসী কিছুটা স্বস্তি পেলেও আকাশ এখনও পুরোপুরি পরিষ্কার নয়। দিনের শুরুটা বৃষ্টিহীন হলেও বিকেলের দিকে শহরের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৫ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি।
দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী ২৪ ঘণ্টা একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার এক বা দু’টি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও বর্ষার দাপট ফের বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, প্রায় সব জেলাতেই অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই জেলাগুলির এক বা দু’টি স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।





