দেশ

ভারতে অতিরিক্ত দিন থাকার নিয়মে কড়াকড়ি, বিদেশি নাগরিকদের জন্য বড় নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রের এই নতুন নির্দেশিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল

Truth of Bengal: দেশে অনুপ্রবেশ রুখতে এবং বিদেশি নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে এবার বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অভিবাসন এবং বিদেশি নাগরিক সংক্রান্ত ২০২৫ সালের বিধিতে বড়সড় সংশোধন এনে সোমবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। মেয়াদের অতিরিক্ত সময় ভারতে থাকার ক্ষেত্রে রেজিস্ট্রেশনের পুরোনো নিয়মে এক ধাক্কায় বেশ কিছু বদল আনা হয়েছে। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর যখন অনুপ্রবেশকারী ও অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করে জেলা স্তরে হোল্ডিং সেন্টার খোলার কাজ জোরকদমে চলছে, ঠিক সেই আবহে কেন্দ্রের এই নতুন নির্দেশিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও বিদেশি নাগরিক যদি ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে আসেন এবং ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও এখানে থাকতে চান, তবে তাঁকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই রেজিস্ট্রেশন বা নথিভুক্তিকরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পুরোনো নিয়ম অনুযায়ী, ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর আরও ১৪ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন করার সময় পাওয়া যেত। নতুন সংশোধনীতে সেই বাড়তি ১৪ দিনের সুবিধা পুরোপুরি বাতিল করে দেওয়া হলো। এখন থেকে মেয়াদ ফুরানোর আগেই বিদেশিদের এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে হবে।

এর পাশাপাশি দীর্ঘমেয়াদি ভিসার ক্ষেত্রেও নিয়ম কড়া করেছে অমিত শাহের মন্ত্রক। নতুন নিয়ম অনুসারে, কোনও বিদেশির কাছে ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসা থাকলেও তিনি একটানা ১৮০ দিনের বেশি ভারতে অবস্থান করতে পারবেন না। যদি কোনও বিদেশি নাগরিক বছরের কোনও নির্দিষ্ট সময়ে বা সামগ্রিকভাবে ভারতে তাঁর থাকার মেয়াদ বাড়াতে চান, তবে প্রথম ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই তাঁকে সংশ্লিষ্ট দপ্তরে রেজিস্ট্রেশন করতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই ধরনের মেয়াদ বৃদ্ধির আবেদন খতিয়ে দেখে শুধুমাত্র জরুরি এবং বিশেষ পরিস্থিতিতেই মঞ্জুর করা হবে।