আবাস যোজনার ঘর দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে তৃণমূল সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ
স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু গরিব মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।
Truth of Bengal: কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদ: সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল কংগ্রেস সদস্য ও তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার মোহাম্মদপুর অঞ্চলের মাঠপাড়া-হাবাসপুর গ্রামের বুথ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তরা হলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য পারভীন বিবি এবং তাঁর স্বামী লালচাঁদ শেখ ওরফে বাদশা।
স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু গরিব মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কেউ ঘর পাননি। এই কারণে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। সোমবার সকাল থেকেই অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
বিক্ষোভকারীদের দাবি, ঘর পাওয়ার নাম করে জোর করে টাকা নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, তালিকায় নাম থাকা সত্ত্বেও ঘরের জন্য তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। টাকা না দিলে ঘর মিলবে না বলে চাপ দেওয়া হয়। বাধ্য হয়ে ছাগল বিক্রি করে তিনি টাকা দেন। কিন্তু এখনও ঘর পাননি।
অন্য এক বাসিন্দা সানোয়ারা বিবি জানান, সোনার গয়না বন্ধক রেখে তিনি পাঁচ হাজার টাকা দিয়েছিলেন। ছবি তোলা হলেও ঘর মেলেনি। পদ্মা বেওয়া নামে আরেক বাসিন্দা জানান, চাপ দিয়ে তাঁর কাছ থেকেও টাকা নেওয়া হয়।
ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। যদিও অভিযুক্ত লালচাঁদ শেখ বাড়িতে ছিলেন না এবং তাঁদের পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।






