কলকাতারাজ্যের খবর

বাংলা জুড়ে বড়সড় দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও হাওড়াসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Truth of Bengal: ছুটির রবিবারের আমেজে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। রবিবার সকাল থেকেই রাজ্যের আকাশ কালো মেঘে ঢাকা এবং মেঘের গর্জনের পাশাপাশি শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, রবিবার গোটা বাংলা জুড়ে বড়সড় দুর্যোগের প্রবল সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও হাওড়াসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় ওই জেলাগুলিতে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে অবস্থানরত একটি ঘূর্ণাবর্তের কারণেই রাজ্যে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জন্যও দুর্যোগের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। এছাড়াও উত্তরের অন্যান্য জেলাগুলিতেও আজ দিনভর ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আগামীকাল সোমবার বিধানসভা নির্বাচনের গণনার দিনও আবহাওয়ার উন্নতির কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সমগ্র বাংলা জুড়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি এবং মালদা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ আগামীকাল ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।

Related Articles