ডিলিটেড ভোটারদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা কংগ্রেস প্রার্থী আশুতোষের
বর্ণাঢ্য এক মিছিলের মাধ্যমে নিজের মনোনয়নপত্র জমা দিলেন ওই কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়
Truth of Bengal: আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ চরমে। পূর্ব নির্ধারিত সূচি মেনে বুধবার দুপুরে বর্ণাঢ্য এক মিছিলের মাধ্যমে নিজের মনোনয়নপত্র জমা দিলেন ওই কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়। এদিন দুপুর ১টা নাগাদ হাজরা মোড় থেকে কংগ্রেস প্রার্থীর এই মিছিলটি শুরু হয়।
মিছিলের প্রধান গন্তব্য ছিল আলিপুরের গোপালনগর সার্ভে বিল্ডিং। আশুতোষ চট্টোপাধ্যায়ের পাশে মিছিলে শামিল হয়েছিলেন চাকরি হারানো রাজ্যের একঝাঁক শিক্ষক, যাঁদের অভিযোগ তাঁদের প্রাপ্য কর্মসংস্থান ‘লুঠ’ করা হয়েছে। তাঁদের পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া সাধারণ মানুষ এবং কর্মসংস্থানের দাবিতে দিশেহারা বঞ্চিত যুব সমাজ এই মিছিলের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন।
গোপালনগর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছানোর পর নির্বাচন আধিকারিকের কাছে নিজের মনোনয়নপত্র পেশ করেন কংগ্রেস প্রার্থী। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে তিনি জানান, এই লড়াই কেবল তাঁর একার নয়, বরং রাজ্যের শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লড়াই। সেই কারণেই প্রথাগত কোনো রাজনৈতিক নেতার বদলে শিক্ষক ও যুবসমাজকে তিনি মিছিলের সামনে রেখেছিলেন।





