রাজ্যের খবর

দেওয়াল লিখন ঘিরে ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, রণক্ষেত্র রাজাপুর

নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বাসন্তী হাইওয়ে অবরোধ করে আইএসএফ

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে দেওয়াল লিখন ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে ফের রণক্ষেত্রের চেহারা নিল প্রাণগঞ্জ অঞ্চলের রাজাপুর এলাকা। তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মীদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এর প্রতিবাদে বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বাসন্তী হাইওয়ে অবরোধ করেন আইএসএফ কর্মী-সমর্থকরা।

স্থানীয় সূত্রে খবর, রাজাপুর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে দেওয়াল লিখনের কাজ চলার সময় আইএসএফ-এর কিছু ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়, যা মুহূর্তের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, আইএসএফ কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়েই নলমুড়ি মোড়ে পৌঁছে যান নওশাদ সিদ্দিকী। দলীয় কর্মীদের মারধরের প্রতিবাদে তিনি রাস্তা অবরোধ করে বিক্ষোভে বসেন, যার ফলে বাসন্তী হাইওয়েতে দীর্ঘক্ষণ যান চলাচল থমকে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিশাল দল। পুলিশের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে নওশাদ সিদ্দিকী অবরোধ তুলে নেন। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। নির্বাচনের প্রাক্কালে ভাঙড়ের এই রাজনৈতিক সংঘর্ষ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Related Articles