কলকাতা

এক বছরেই কয়েক গুণ শ্রীবৃদ্ধি! কত সম্পত্তির মালিক ‘পুজো পাগল’ নেতা সুজিত?

বিধাননগরের লড়াইয়ের আগে সুজিত বসুর হলফনামায় বড় ধামাকা!

Truth of Bengal: শ্রীভূমির বুর্জ খলিফা হোক বা ভ্যাটিকান সিটি- যাঁর হাত ধরে লেকটাউনের দুর্গাপুজো বিশ্বম্যাপে জায়গা করে নিয়েছে, সেই ‘পুজো পাগল’ নেতা সুজিত বসু এবার ছাব্বিশের লড়াইয়ে নিজের ভাগ্যপরীক্ষায় নেমেছেন। সোমবার বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রাজ্যের দমকল মন্ত্রী। আর হলফনামা জমা পড়তেই প্রকাশ্যে এল তাঁর কোটি কোটি টাকার সম্পত্তির খতিয়ান। ব্যবসায়ী হিসেবে পরিচিত সুজিতের সম্পত্তি গত পাঁচ বছরে বেড়েছে প্রায় তিনগুণ!

নির্বাচনী হলফনামা অনুযায়ী, সুজিত বসুর বর্তমান অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯২ লক্ষ ৪১ হাজার ১৯৮ টাকা। যার মধ্যে পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে জমা রয়েছে ১ কোটি ২০ লক্ষ ১১ হাজার ৭০১ টাকা। নগদ ২ লক্ষ টাকার পাশাপাশি তাঁর সংগ্রহে রয়েছে ৬৫৯ গ্রাম সোনা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। মন্ত্রীর গ্যারেজে রয়েছে একটি স্করপিও গাড়ি, যার দাম ২৩ লক্ষ টাকার বেশি। তবে সম্পত্তির পাশাপাশি ঋণের বোঝাও নেহাত কম নয়; বিভিন্ন খাতে ১ কোটি ১৪ লক্ষ ৮৮ হাজার ২৫৫ টাকা দেনা রয়েছে তাঁর।

স্থাবর সম্পত্তির নিরিখেও সুজিত বসু বেশ বিত্তবান। লেকটাউনের ক্যানাল স্ট্রিট রোডে তাঁর দুটি বিলাসবহুল বাসভবন রয়েছে। এছাড়া লেকটাউনে একটি বিশাল শপিং কমপ্লেক্স বা বাণিজ্যিক ভবনের মালিকও তিনি। সব মিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির বাজারমূল্য ১ কোটি ৮০ লক্ষ ১৬ হাজার ৪৫৪ টাকা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, পেশাদার রাজনীতিক এবং দীর্ঘদিনের মন্ত্রী হওয়া সত্ত্বেও সুজিত বসুর বিরুদ্ধে একটিও ফৌজদারি মামলা নেই।

মন্ত্রীর পাশাপাশি তাঁর স্ত্রী স্বর্ণালি বসুর সম্পত্তির খতিয়ানও চমকে দেওয়ার মতো। যদিও তিনি পেশায় গৃহবধূ, তবুও তাঁর নামে রয়েছে মোট ৫৩ লক্ষ ৫৯ হাজার ৮৩১ টাকার অস্থাবর সম্পত্তি। এর মধ্যে প্রায় ১২ লক্ষ টাকার গয়না এবং ৮ লক্ষ টাকার ব্যালেনো গাড়ি রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, স্বর্ণালি দেবীর ঋণের পরিমাণ ২ কোটি ১৩ লক্ষ ৬৫ হাজার ৩৫০ টাকা। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে স্বামীকে অনায়াসে টেক্কা দিয়েছেন তিনি। তাঁর নামে রয়েছে পাঁচটি বাসভবন, যার মোট বাজারমূল্য ৩ কোটি ৮০ লক্ষ ১৯ হাজার ৫০৭ টাকা। বিধাননগরের লড়াইয়ের আগে সুজিত দম্পতির এই বিশাল সম্পত্তির পাহাড় এখন ‘টক অফ দ্য টাউন’।

Related Articles