রাজ্যের খবর

ঊর্ধ্বমুখী পারদ, বঙ্গে কি এবার শীতের বিদায় ঘণ্টা? জানাল আবহাওয়া দফতর

আগামী কয়েক দিনে কলকাতা-সহ গোটা রাজ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Truth Of Bengal: ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি এগোতেই নিজের রূপ বদলাচ্ছে আবহাওয়া। ভোরের দিকে সামান্য কুয়াশা আর আলতো ঠান্ডা থাকলেও, বঙ্গে শীতের ইনিংস যে এবার সমাপ্তির পথে, সেই ইঙ্গিতই দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে কলকাতা-সহ গোটা রাজ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন পারদ আগামী কয়েক দিনে অনেকটাই বাড়তে পারে। শনিবারের মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে তাপমাত্রা অন্তত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী চারদিন এই তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও হাড়কাঁপানো ঠান্ডার আমেজ আর ফিরছে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ-সহ সব জেলাতেই আগামী সাত দিন আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের প্রভাব ক্রমশ কমছে। আগামী তিন দিনে পাহাড় ও সমতলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। মালদহ এবং দুই দিনাজপুরেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

উত্তুরে হাওয়ার দাপট কমে আসায় দিনের বেলা রোদের তেজ অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের মতে, এখন আর তাপমাত্রার খুব একটা বড় কোনো পতনের সম্ভাবনা নেই। ফলে কনকনে শীতের বদলে এখন মিলবে মনোরম বসন্তের আমেজ।

সব মিলিয়ে রাজ্যজুড়ে এখন শীতের বিদায় ঘণ্টা বাজছে। এখন দেখার, ফাল্গুনের শুরুতে আবহাওয়া নতুন কোনও চমক দেয় কি না, নাকি এভাবেই ধীরে ধীরে গরমের প্রবেশ ঘটে বঙ্গে।

Related Articles