দেশ

Thiruvananthapuram: মাদকচক্রের জালে চিকিৎসক ও ডেন্টাল ছাত্রী! কেরলে হাইপ্রোফাইল পাচারচক্রের পর্দাফাঁস

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যখন ওই ভাড়া বাড়িতে অভিযান চালায়, সেখান থেকে প্রায় ৪ গ্রাম এমডিএমএ, ১ গ্রাম হাইব্রিড গাঁজা এবং ১০০ গ্রাম সাধারণ গাঁজা উদ্ধার হয়।

Truth of Bengal: কেরলের তিরুবনন্তপুরমে এক বিশাল মাদকচক্রের পর্দাফাঁস করল পুলিশ। এই ঘটনায় একজন চিকিৎসক এবং বিডিএস পাঠরত এক ছাত্রী সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। আটিঙ্গল এবং নেদুমানগাড রুরাল ড্যানসাফ টিমের এক যৌথ অভিযানে কানিয়াপুরম থোপ্পিল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন চিকিৎসক বিঘ্নেশ দথন, বিডিএস ছাত্রী হালিমা, এবং আইটি কর্মী অবিনাশ। এছাড়া অসীম, অজিত, আনসিয়া ও হরিশ নামে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অসীম, অজিত এবং আনসিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক পাচারের মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যখন ওই ভাড়া বাড়িতে অভিযান চালায়, সেখান থেকে প্রায় ৪ গ্রাম এমডিএমএ, ১ গ্রাম হাইব্রিড গাঁজা এবং ১০০ গ্রাম সাধারণ গাঁজা উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, এই হাইব্রিড গাঁজা অত্যন্ত মহার্ঘ এবং বাজারে এর প্রতি গ্রামের দাম প্রায় ৩০০০ টাকা। মাদক ছাড়াও ধৃতদের কাছ থেকে দুটি গাড়ি, দুটি বাইক এবং ১০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি মূলত বেঙ্গালুরু থেকে মাদক এনে স্থানীয় ছাত্রছাত্রী এবং চিকিৎসকদের মধ্যে সরবরাহ করত।

উল্লেখ্য যে, এই চক্রটিকে ধরার জন্য পুলিশ আগেও একবার চেষ্টা করেছিল। কিন্তু সেই সময় অভিযুক্তরা তাদের গাড়ি দিয়ে পুলিশের জিপে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ফের গোপন সূত্রে খবর আসে যে তারা কানিয়াপুরম থোপ্পিল এলাকায় আত্মগোপন করে আছে। সেই খবর পাওয়া মাত্রই পুলিশি দল বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে এবং অভিযুক্তদের হাতেনাতে গ্রেপ্তার করতে সফল হয়।