ভোর-রাতে কেঁপে উঠল গুজরাত, কচ্ছে ৪.৪ মাত্রায় ভূমিকম্প
NCS জানিয়েছে, শুক্রবার ভোর ৪টে ৩০ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪।
Truth Of Bengal: শুক্রবার ভোরে ঘুমের ঘোরেই তীব্র কম্পন অনুভব করলেন গুজরাটের কচ্ছ জেলায় মানুষ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, শুক্রবার ভোর ৪টে ৩০ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪।
জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ২৩.৬৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭০.২৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ভূমিকম্পের বিস্তারিত তথ্য শেয়ার করে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কচ্ছের বিস্তীর্ণ এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।
EQ of M: 4.4, On: 26/12/2025 04:30:02 IST, Lat: 23.65 N, Long: 70.23 E, Depth: 10 Km, Location: Kachchh, Gujarat.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/22QSBf5XDd— National Center for Seismology (@NCS_Earthquake) December 25, 2025
উল্লেখ্য, এই বছর কচ্ছ জেলায় এটিই প্রথম বড় কম্পন নয়। এর আগে গত এপ্রিল মাসেও ৪.৩ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল এই জেলা। সে সময় কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।
শুক্রবার ভোরের এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্বস্তির খবর এই যে, এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কচ্ছের বিভিন্ন প্রান্ত থেকে কম্পনের খবর এলেও ঘরবাড়ি বা সম্পত্তির কোনো পরিকাঠামোগত ক্ষতি হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি পরিষেবাগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে স্থানীয় কর্তৃপক্ষ।


