কলকাতা

পুজোর আগে স্বস্তিতে নিউ মার্কেট চত্বরের হকাররা! আপাতত উচ্ছেদ অভিযানে বিরোতি

মঙ্গলবার পুরসভার টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) বৈঠকে এ বিষয়ে ধীরে চলো নীতি গ্রহণ করা হয়।

Truth Of Bengal: শারদোৎসবের আগে স্বস্তি পেলেন নিউ মার্কেট-সহ শহরের বিভিন্ন অঞ্চলের ফুটপাতের বেআইনি হকাররা। কলকাতা পুরসভা ও পুলিশ আপাতত হকারবিরোধী অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার পুরসভার টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) বৈঠকে এ বিষয়ে ধীরে চলো নীতি গ্রহণ করা হয়।

প্রশাসন জানিয়েছে, দুর্গাপুজোর ভিড় ও ব্যস্ততার সময় বেআইনি হকার উচ্ছেদ অভিযান চালানো কার্যত সম্ভব নয়। বিশ্বকর্মাপুজো থেকে শুরু করে মহালয়ার দিন থেকেই শহরে বড় পুজোর উদ্বোধন শুরু হয়, সেই সময় ট্রাফিক নিয়ন্ত্রণেই পুলিশের অধিকাংশ কর্মী ব্যস্ত থাকেন। পাশাপাশি পুরসভার বিভিন্ন বিভাগও নাগরিক পরিষেবার দিকে নজর দেয়। তবে উৎসব শেষ হলেই অভিযান পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে।

বৈঠকে বিশেষভাবে কলেজ স্ট্রিট এলাকার সমস্যা আলোচিত হয়। অভিযোগ, ক্যালকাটা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের ফুটপাথ হকারদের দখলে রয়েছে।

পুরসভার এক প্রতিনিধিদল মঙ্গলবার নিউ মার্কেট পরিদর্শন করে। এক আধিকারিক জানান, বেলট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস-সহ বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তায় হকারদের দখল রয়েছে। এমনকি বৈধ গাড়ি পার্কিংয়ের জায়গাও ব্যবহৃত হচ্ছে। ফলে উৎসব-পরবর্তী সময়ে ওই এলাকাগুলিই হকার অভিযানের কেন্দ্রবিন্দু হবে।

Related Articles