ঈদের আনন্দে ফেরার প্রতিশ্রুতি ভাঙল মৃত্যু, বেঙ্গালুরুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন নুর আলম
সংসারের একমাত্র ভরসা হারাল পরিবার, বেঙ্গালুরুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সাগরদিঘির যুবকের
কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: ঈদের আগে বাড়ি ফেরা হলো না পরিযায়ী শ্রমিক নুর আলমের। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আর রাখা হলো না নুর আলমের। বেঙ্গালুরুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের সাগরদিঘির পরিযায়ী শ্রমিক নুর আলমের।
পরিবার সুত্রে জানা যায়, মৃত যুবকের নাম মোহাম্মদ নুর আলম। বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বোখরা এক নম্বর অঞ্চলের মালিয়াডাঙ্গা গ্রামে। প্রায় ছয় মাস আগে কাজের সন্ধানে বেঙ্গালুরুতে পাড়ি দেন নুর আলম। সেখানে একটি বেসরকারি কোম্পানির ইলেকট্রিক বিভাগে কাজ করতেন তিনি।
পরিবারের আরও দাবি, ঈদের সময় বাড়ি ফিরবেন বলে বাবা-মাকে কথা দিয়েছিল নুর আলম। কিন্তু হঠাৎই শুক্রবার রাতে পরিবারের কাছে খবর আসে, কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পুরো পরিবার ও এলাকাজুড়ে।
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন নুর আলম। তাঁর বড় ভাই প্রায় এক বছর আগে একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে অক্ষম অবস্থায় বাড়িতেই রয়েছেন। ফলে সংসারের সমস্ত দায়িত্বই নুর আলমের উপর ছিল। তাঁর অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েছে পরিবার।পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। বর্তমানে পরিবারের সদস্যরা অপেক্ষায় রয়েছেন, কবে নুর আলমের মরদেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হবে। প্রশাসনের কাছে মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।






