শেষ লগ্নে আজ তিনটি কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের, কড়া নিরাপত্তা শহরে
Mamata Banerjee has three programs today

The Truth Of Bengal : শেষ দফার ভোটের আগে প্রচার তুঙ্গে সব রাজনৈতিক দলের। আজ মঙ্গলবার শহরে তিনটি কর্মসূচি আছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম কর্মসূচি দমদমে। দুপুর ৩টায় সেখানে দলের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বিরাটি বণিক মোড় থেকে এয়ারপোর্ট ২ নম্বর গেট পদযাত্রা হবে। যার জন্য এই সমস্ত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। মিছিল শুরু হওয়ার সময় এই রাস্তাগুলি প্রয়োজনে বন্ধ করে দেওয়া হতে পারে।
এরপর এন্টালি মার্কেট থেকে পার্ক সার্কাস ৭ পয়েন্ট পর্যন্ত বিকাল ৫টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে উত্তর কলকাতার দলীয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। মিছিলের শুরুর সময় এন্টালি থেকে পার্ক পার্ক সার্কাস পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এই এলাকায় সকাল থেকেই যান চলাচল নিয়ন্ত্রিত হবে। এরপর দিনের শেষ কর্মসূচি সন্ধ্যা ৬টায়। দক্ষিণ কলকাতার দলীয় প্রার্থী মালা রায়ের সমর্থনে বেহালা চৌরাস্তার কাছে জনসভা রয়েছে। সকাল থেকেই বেহালা চৌরাস্তা চত্বর এবং বেহালা চত্বরে যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘিরে যাতে কোনও গাফিলতি না হয়, তার জন্য আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছে পুলিশ। মিছিলের শুরু হলেই একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। প্রয়োজনে মিছিল চলাকালীন সময় একাধিক রাস্তা বন্ধ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।






