পাড়া থেকে রাজপথ কিংবা অলিগলি পায়ে হেঁটেই জনসংযোগ ‘উন্নয়ন’কে হাতিয়ার করেই প্রচার নন্দিতা’র, জয় নিয়ে আশাবাদী ১০০ শতাংশ
পাড়া থেকে রাজপথ কিংবা অলিগলি পায়ে হেঁটেই জনসংযোগ 'উন্নয়ন'কে হাতিয়ার করেই প্রচার নন্দিতা'র, জয় নিয়ে আশাবাদী ১০০ শতাংশ
সুমন আদক, হাওড়া: বাবা প্রয়াত ‘জননেতা’ অম্বিকা বন্দ্যোপাধ্যায়। মধ্য হাওড়ার পাঁচবারের বিধায়ক এবং হাওড়া সদরের একবারের সাংসদ। বাবার আদর্শ এবং দিদি মমতা ও অভিষেকের নেতৃত্বে দলের নীতিকে অনুসরণ করেই দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ছুটে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দিতা চৌধুরী। এই নিয়ে এই কেন্দ্রে দ্বিতীয় বারের জন্য প্রার্থী হয়েছেন তিনি। গতবার বিপুল ভোটে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন নন্দিতা। জয়ের মার্জিন বাড়াতে এবারও সকাল থেকে রাত পাড়া থেকে রাজপথ কিংবা অলিগলি পায়ে হেঁটেই চলছে তাঁর প্রচার।
সামান্য কিছু জলখাবার খেয়েই দিনের প্রচার শুরু:
‘আরো খবর’কে নন্দিতা চৌধুরী জানান, প্রতিদিন হালকা টোস্ট কিংবা সামান্য কিছু জলখাবার খেয়েই বাড়ি থেকে বেরনো। তারপর নিজের কেন্দ্রে এসে শুরু প্রচার। মন্দিরে পুজো দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রতিদিন প্রচার শুরু করছেন তিনি।
দুপুরে এনার্জি টনিক ‘ডাবের জল’
রাস্তায় গরমে ডাবের জল আর দুপুরের লাঞ্চে প্রতিদিনের মেনুতে থাকছে হালকা মাছের ঝোল-ভাত। এরই মাঝে প্রচারের ফাঁকে মাটির ভাঁড়ে এক কাপ চায়ে চুমুক। তারপর ফের কর্মীদের নিয়ে এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে চলা। নির্বাচনী প্রচারে প্রতিদিন এই হল নন্দিতা’র রুটিন। ২০২৪ সালের জুলাইয়ে হাঁটুর জটিল অস্ত্রোপচারের পর মাত্র ১৫ দিনের ‘বিশ্রামে’ও বাড়ি থেকেই নিজের বিধানসভা কেন্দ্রের কাজ পরিচালনা করেছিলেন তিনি। সারা বছর মানুষের পাশে থাকা আর নিবিড় জনসংযোগই নন্দিতার প্রচারের অন্যতম অস্ত্র।
প্রতি বুথেই উন্নয়ন হয়েছে:
ঝোড়হাট, থানামাকুয়া, দ্যুঁইল্যা ও পাঁচপাড়া এই চার গ্রাম পঞ্চায়েত ও হাওড়া পুরসভার ৮টি ওয়ার্ড নিয়ে গঠিত এই বিধানসভার প্রতি বুথেই উন্নয়ন হয়েছে বলে দাবি নন্দিতার। তিনি বলেন, পাঁচপাড়া লকগেট তৈরি হওয়ায় দক্ষিণ হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল জমার সমস্যার স্থায়ী সমাধান হয়েছে। এছাড়া প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে শিবপুর শ্মশানঘাটের আমূল সংস্কার করা হয়েছে। সেইসঙ্গে পাঁচপাড়া ফেরিঘাট তৈরি হওয়ায় আগামী দিনে উপকৃত হবেন কয়েক লক্ষ মানুষ। মেটিয়াবুরুজ ও হাওড়ার সঙ্গে জলপথে যোগাযোগ আরও সুগম হয়েছে। বিশেষ করে দক্ষিণ হাওড়া ছাড়াও ডোমজুড়, সাঁকরাইলের অসংখ্য বস্ত্র ব্যবসায়ী উপকৃত হয়েছেন। হাঁসখালিপোল, পদ্মপুকুর সহ এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি বড় খালের আমূল সংস্কার করা হয়েছে। এর ফলে এলাকার নিকাশি ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। এরই সঙ্গে এলাকার ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০টি রাস্তা তৈরি হয়েছে। প্রায় ২,৫০০ পথবাতি লাগানো হয়েছে। এর মধ্যে প্রায় ৫০০ স্ট্রিট লাইট বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে লাগানো হয়েছে। সেইসঙ্গে এলাকার একাধিক স্কুলে বেঞ্চ ও ক্লাসরুম তৈরি হয়েছে।
আগামী পাঁচ বছরের পরিকল্পনা:
আগামী দিনে লক্ষ্য ভ্যাটমুক্ত গ্রিন দক্ষিণ হাওড়া কেন্দ্র গড়ে তোলা। পঞ্চায়েত এলাকায় আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা করা হবে। বাকসাড়া এলাকায় রেলের আন্ডারপাস তৈরি করা হবে। কেন্দ্রের গাফিলতির কারণে ওই কাজ থমকে আছে। এটি হলে বাকসাড়া, জানাগেট এলাকার ৩টি ওয়ার্ড মিলিয়ে প্রায় ৪ লক্ষ মানুষ উপকৃত হবেন। এছাড়া দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকায় একটি অডিটরিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়াও সাউথ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে ওটি চালু করে চিকিৎসা পরিষেবার মান আরও বাড়ানো হবে। এর পাশাপাশি পুরসভার সংযুক্ত এলাকায় বিশেষ করে ৪৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে। এছাড়াও বিধানসভার অধিবেশনে বেলুড় মঠ থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত সংযোগ স্থাপনের উদ্দেশ্যে একটি বাস রুট চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাবও গৃহীত হয়েছে। প্রসঙ্গতঃ হাওড়া পুরসভার ৩৫, ৩৮-৪১ এবং ৪৪-৪৬ নম্বর ওয়ার্ড এবং সাঁকরাইল ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্র। গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দিতা চৌধুরী বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তকে ৫০,৫৬৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। এই কেন্দ্রে এখনও পর্যন্ত সিপিআইএম প্রার্থী করেছে ডাঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি প্রার্থীর নাম এখনও ( বৃহস্পতিবার পর্যন্ত ) ঘোষিত হয়নি।
‘ঐক্যবদ্ধ’ টিম তৃণমূল:
দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচারে প্রার্থী নন্দিতা চৌধুরীকে ‘ঐক্যবদ্ধ’ টিম তৃণমূল অনেকটাই অক্সিজেন জোগাচ্ছে। পাশাপাশি অনেকটাই ভরসার জায়গা বাংলা জুড়ে দিদির ‘উন্নয়ন’।
বিধানসভা নির্বাচন ২০২১
নন্দিতা চৌধুরী – তৃণমূল
রন্তিদেব সেনগুপ্ত -বিজেপি
৫০,৫৬৯ ভোটের ব্যবধানে জয়ী
বিধানসভা নির্বাচন ২০২৬
তৃণমূল প্রার্থী – নন্দিতা চৌধুরী
বিজেপি প্রার্থী- ——————-
সিপিএম প্রার্থী – ডাঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়





