রাজ্যের খবর

গঙ্গাসাগর মেলায় বাড়ছে পার্কিং লট, পূর্ত দফতরের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত

ডিসেম্বর মাসের শেষেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রাক প্রস্তুতি দেখতে যেতে পারেন বলেই নবান্ন সূত্রে খবর।

Truth Of Bengal: এবছর তুলনায় গঙ্গাসাগর মেলায় পূর্ণার্থীর ভিড় উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেই অনুমান করছে রাজ্য প্রশাসন। সেই সম্ভাবনাকে মাথায় রেখে পূর্ণার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার্থে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে নবান্ন ও সংশ্লিষ্ট দপ্তরগুলিতে। ডিসেম্বর মাসের শেষেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রাক প্রস্তুতি দেখতে যেতে পারেন বলেই নবান্ন সূত্রে খবর।

গঙ্গাসাগর মেলায় যেতে কোন অসুবিধা না হয় তার প্রাথমিক বৈঠক নবান্নতে হয়েছে পূর্ত দফতরের উদ্যোগে।সবচেয়ে বড় সমস্যা হিসাবে চিহ্নিত হয়েছে যানজট। প্রশাসনের মতে, যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণেই রাস্তা জ্যামের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের একাধিক প্রচেষ্টা সত্ত্বেও সমস্যা থেকে যায়। তাই এবার বিশেষ গুরুত্ব দিয়ে পার্কিং লটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

পূর্ত দফতরে মেলাকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তর, পুলিশ প্রশাসন ও মেলা কমিটির প্রতিনিধিরা। বৈঠকে পুলিশ ও মেলা কমিটির সুপারিশ মেনে পার্কিং লট বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে সূত্রের খবর। মেলাকে কেন্দ্র করে রাস্তা সংস্কার, সিকিউরিটি ব্যারিকেড তৈরি, ও অন্যান্য পরিকাঠামোগত কাজের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এবছর বেশি সংখ্যক পূর্ণার্থী আসবে ধরে নিয়েই ব্যারিকেড ও রাস্তার মেরামতির কাজ শুরু করা হচ্ছে। পূর্ণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যারিকেডের গুণমান ও স্থায়িত্বের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়া, সাগরদ্বীপের বিভিন্ন রাস্তায় যাতে কোথাও কোনও খানাখন্দ না থাকে, তার দিকেও পূর্ত দপ্তর নজর দেবে বলে জানা গেছে।

Related Articles