কলকাতারাজ্যের খবর

স্বরাষ্ট্রসচিব-সহ ২৫ আধিকারিককে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ব্রিফিংয়ে হাজিরার নির্দেশ

কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্রিফিং বৈঠক আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি, ২০২৬ অনুষ্ঠিত হবে

জয় চক্রবর্তী: রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল নির্বাচন কমিশন। ভোটমুখী রাজ্যগুলিতে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্রসচিব-সহ ২৫ জন সিনিয়র আধিকারিককে নিয়োগের সিদ্ধান্তে অনড় থাকল কমিশন। বিকল্প নাম প্রস্তাব করেও রাজ্য সরকারের কোনও আবেদন গৃহীত হয়নি বলে বুধবার স্পষ্ট করে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্রিফিং বৈঠক আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি, ২০২৬ অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে কমিশনের তালিকাভুক্ত সব আধিকারিককেই উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, পূর্বে জমা পড়া ছাড়ের আবেদন বিবেচনার পর তা বাতিল করা হয়েছে। ফলে যাঁদের নামে আবেদন জমা পড়েছিল, তাঁদের নির্ধারিত দিন ও সময় অনুযায়ী ব্রিফিং বৈঠকে অংশ নিতেই হবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র আধিকারিকের তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই তালিকায় রয়েছেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা সহ ১৫ জন আইএএস ও ১০ জন আইপিএস আধিকারিক। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নবান্ন নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল। রাজ্য সরকারের যুক্তি ছিল, ভোটের মুখে শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের বাইরে পাঠানো হলে রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হতে পারে।

বিশেষ করে স্বরাষ্ট্রসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিককে কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্বে পাঠানো হলে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে উঠতে পারে বলেও জানানো হয়েছিল। সেই কারণেই বিকল্প নাম প্রস্তাব করে মোট ১৭ জন আধিকারিককে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানায় রাজ্য।তবে কমিশন বুধবার স্পষ্টভাবে জানিয়ে দেয়, এমন কোনও আবেদন তারা গ্রহণ করছে না। নির্বাচন কমিশনের তালিকায় থাকা ২৫ জনকেই তাই হাজির থাকতে হবে নির্বাচন কমিশনের ব্রিফিং-এ।

Related Articles