কলকাতারাজ্যের খবর

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে বইবে ঝোড়ো হাওয়া! সপ্তাহের শুরুতেই দুর্যোগের কবলে মহানগরী

আবহাওয়াবিদদের মতে, বিহার থেকে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে।

Truth of Bengal: রবিবার বিকেলের ঝিরঝিরে বৃষ্টি যেন আসন্ন দুর্যোগের পূর্বাভাস দিয়ে গিয়েছিল। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। আগামী দুই দিন রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, বিহার থেকে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। মূলত এই কারণেই বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে, একটি পশ্চিমী ঝঞ্ঝা সিকিম ও উত্তরবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে পাহাড় ও সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মঙ্গল ও বুধবার বৃষ্টির দাপট বেশি থাকার কথা। বিশেষ করে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। মহানগরীর আকাশও আংশিক মেঘলা থাকবে। কলকাতাতেও বুধবার এবং বৃহস্পতিবার ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আশা করা হচ্ছে, বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটা কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সপ্তাহ জুড়েই দফায় দফায় বৃষ্টি চলতে পারে। এমনকি সপ্তাহান্তেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পারদ কিছুটা চড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে অবশ্য আপাতত তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

Related Articles