ইন্দাসের আকুইতে চালু হল নতুন স্বাস্থ্য কেন্দ্র
সাধারণ জ্বর-সর্দি কিংবা ছোটখাটো অসুখের চিকিৎসার জন্যও স্থানীয়দের প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হতো।
Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে উদ্যোগী রাজ্য সরকার। তৈরি হয়েছে নতুন স্বাস্থ্য কেন্দ্রও। সেই লক্ষ্যেই বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত আকুই গ্রামে তৈরি হল একটি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র। দীর্ঘদিনের দাবির পর অবশেষে রাজ্যের স্বাস্থ্য দফতরের উদ্যোগে প্রায় ৪৩ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠল এই স্বাস্থ্য কেন্দ্র। নতুন কেন্দ্র চালু হওয়ায় এলাকায় ফিরেছে স্বস্তি।
বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে অবস্থিত ইন্দাস ব্লকের আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ত্রিশালন, নারড়া সহ আশপাশের চার থেকে পাঁচটি গ্রামের মানুষের বহুদিনের দাবি ছিল এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরির। কারণ এই অঞ্চলের অধিকাংশ মানুষই কৃষিনির্ভর এবং আগে চিকিৎসার জন্য দূরদূরান্তে যেতে হতো তাঁদের। সাধারণ জ্বর-সর্দি কিংবা ছোটখাটো অসুখের চিকিৎসার জন্যও স্থানীয়দের প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হতো। আর গুরুতর অসুস্থতার ক্ষেত্রে ৬৬ কিলোমিটার দূরের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল অথবা প্রায় ১০০ কিলোমিটার দূরের বাঁকুড়া জেলা হাসপাতালে ছুটতে হতো রোগীদের। ফলে বহু সময়েই চরম সমস্যার মুখে পড়তেন গ্রামবাসীরা।
এই পরিস্থিতির কথা মাথায় রেখেই রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আকুই গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হয়েছে।এখানে একজন চিকিৎসক, দু’জন নার্স এবং কয়েকজন স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। মূলত আশপাশের গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই কেন্দ্রটি চালু করা হয়েছে।ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এই উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ এবং ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে ফিতে কেটে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এলাকার কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন। গ্রামে নতুন স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দের সঞ্চার হয়েছে। তাঁদের আশা, এখন থেকে প্রাথমিক চিকিৎসার জন্য আর দূরে ছুটতে হবে না এবং দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়া সম্ভব হবে। এই উদ্যোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।






