ইদে সম্প্রীতির বার্তা, সতর্কতা জোরদারে প্রশাসনের বৈঠক
Message of harmony on Eid-ul-Adha, administration meets to strengthen vigilance
Truth Of Bengal: ইদকে ঘিরে শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ইমাম-মুয়াজ্জিন ও থানা সমন্বয় কমিটির সঙ্গে বিশেষ বৈঠক করল প্রশাসন। ডায়মন্ড হারবার জেলা পুলিশ ও মগরাহাট ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয় ব্লক অফিসে।
বৈঠকে উপস্থিত ছিলেন মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ, বিডিও তুহিন শুভ্র মহান্তি, স্থানীয় বিধায়ক নমিতা সাহা, থানার ওসি পীযূষ কান্তি মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন সহ অন্যান্য আধিকারিকরা।
বিডিও মহান্তি জানান, কুরবানীর ভিডিও যেন সামাজিক মাধ্যমে না ছড়ায়, তার জন্য সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট স্থানে ত্রিপল দিয়ে ঘিরে কুরবানী এবং পরে স্থানটি পরিষ্কার করা বাধ্যতামূলক।এসডিপিও সাকিব আহমেদ বলেন, কুরবানীর পরে রক্তমাখা পোশাক পরে যেন কেউ বাইরে না বেরোন। ঈদের দিন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে যুবকদের হেলমেট ব্যবহার ও বাইক নিয়ন্ত্রণে রাখার বার্তা দেন তিনি।
প্রশাসন ও ধর্মীয় নেতৃত্ব মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে, ঈদের তিনদিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে সকলে একযোগে কাজ করবেন। বৈঠকে সম্প্রীতির বার্তা ও আইনশৃঙ্খলা রক্ষার অঙ্গীকার উঠে আসে।






