ওডিআই বিশ্বকাপে বিরাট-রোহিতকে রেখেই হেডস্যার গম্ভীরের ব্লু-প্রিন্ট
২০২৭ বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকায়, যেখানে উইকেটে থাকবে গতি ও বাউন্স।
Truth Of Bengal: এক বিশ্বকাপ শেষ হতেই ভারতের কোচ গৌতম গম্ভীরের নজর পড়েছে ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপে। জয়ের মাত্র দু’দিনের মধ্যে তিনি নিশ্চিত করেছেন, এবার লক্ষ্য ২০২৭। আইপিএলের মধ্যেই পরের বছরের এক দিনের বিশ্বকাপের রূপরেখা তৈরি করার কাজও শেষ হয়ে যাবে।
২০২৭ বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকায়, যেখানে উইকেটে থাকবে গতি ও বাউন্স। যুগ্ম আয়োজক হিসাবে থাকছে নামিবিয়া ও জিম্বাবোয়ে। গম্ভীর বলেছেন, বিশ্বকাপের জন্য নির্দিষ্ট ক্রিকেটারদের চিহ্নিত করার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। মে মাসের শেষের দিকে পুরো পরিকল্পনা চূড়ান্ত হবে। ভারতের হাতে বিশ্বকাপের আগে ২৫ থেকে ৩০টি এক দিনের ম্যাচ রয়েছে, যা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।
গম্ভীর বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় খেলা সহজ নয়। আমাদের সঠিক কম্বিনেশন খুঁজে বের করতে হবে এবং উইকেট অনুযায়ী উপযুক্ত ক্রিকেটার নির্বাচন করতে হবে। আইপিএলের মধ্যেই আমাদের কাছে বিশ্বকাপের জন্য ব্লুপ্রিন্ট তৈরি থাকবে। রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎও সেই পরিকল্পনার অংশ।’
১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে ভারতের এক দিনের ক্রিকেট ফের শুরু হবে। এরপর ইংল্যান্ডে আরও তিন ম্যাচের সিরিজ আছে, যা দলের প্রস্তুতি এবং নতুন ক্রিকেটারদের সুযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গম্ভীরের এই পরিকল্পনা ভারতীয় ক্রিকেটকে ২০২৭ বিশ্বকাপে শক্ত অবস্থানে পৌঁছে দিতে প্রস্তুত।



