খেলা

এমবাপের চোটে দুশ্চিন্তায় রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩–০ গোলে হারিয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ।

Truth Of Bengal: ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের চোট নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য জানায়নি রিয়াল মাদ্রিদ। ঠিক কী ধরনের চোট তিনি পেয়েছেন কিংবা মাঠে ফিরতে কতদিন সময় লাগবে—এ নিয়ে ক্লাবের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। ফলে তাঁকে ছাড়া রিয়ালের সময়টা ক্রমেই দীর্ঘ হচ্ছে।

লা লিগায় এলচের বিপক্ষে ঘরের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচে এমবাপ্পে খেলতে পারবেন না—এটা প্রায় নিশ্চিত করে জানিয়েছেন দলের কোচ আলভারো আরবেলোয়া।

চলতি মরশুমে রিয়ালের জার্সিতে দারুণ ফর্মে আছেন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে করেছেন ৩৮ গোল। কিন্তু হাঁটুর পুরোনো সমস্যার কারণে তিনি শেষ দুইটি লা লিগা ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগের দু’টি ম্যাচে খেলতে পারেননি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩–০ গোলে হারিয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে ফিরতি লেগ ইংল্যান্ডে হওয়ায় বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছেন কোচ আরবেলোয়া। তিনি আশা করছেন, সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই এমবাপে সুস্থ হয়ে উঠবেন।

রিয়ালের পাশাপাশি ফ্রান্স জাতীয় দলের জন্যও এমবাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তিন মাস পরই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। তাই জাতীয় দলের হয়ে ৫৫ গোল করা এই তারকার চোট ফ্রান্স দলের জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।