Suvendu Adhikari: বিএলওদের হুমকি? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের
গত ২৯ অক্টোবর আমতলায় একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী বিতর্কিত মন্তব্যটি করেন।
Truth of Bengal: ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বুথ লেভেল অফিসারদের (বিএলও) হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এই মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন এবং কঠোর পদক্ষেপের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। গত ২৯ অক্টোবর আমতলায় একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী বিতর্কিত মন্তব্যটি করেন। তিনি বলেন, “৫২ জন বিএলও বিহারের জেলে রয়েছেন। এটা মাথায় রাখবেন। তৃণমূলের কথা, বিজেপির কথা শুনবেন না। কেবল নির্বাচন কমিশনের কথা শুনবেন। বিহারের ৫২ জন বিএলও কিন্তু এখনও জামিন পাননি। আপনাদেরও জেলে কাটাতে হবে। জেলে যাওয়ার জন্য তথ্য, নথি আমরা জোগাড় করে দেব (Suvendu Adhikari)।”
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস। pic.twitter.com/8pI6KOr05n
— TOB DIGITAL (@DigitalTob) November 1, 2025
সাংসদ বিএলওদের স্পষ্ট বার্তা দেন যে, “বিএলওরা কোনও দল, কোনও দাদা, দিদির কথা শুনবেন না। না হলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। পুলিশ বাধ্য হবে, আপনাকে গ্রেপ্তার করতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, যেখানে গেলে পুলিশ বাধ্য হবে, সর্বভারতীয় দল হিসাবে আমরা সেখানে যাব।” তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্যের জেরে বিএলও-দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। এই বিষয়টি উল্লেখ করে তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, নির্বাচন কমিশনের কাছে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করা থেকে যেকোনো রাজনৈতিক দলের কর্মীদের বিরত রাখার কথা বলা হয়েছে (Suvendu Adhikari)।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া এবং এনআরসি (NRC) নিয়েও বিজেপি ‘আতঙ্কের বিষ ছড়াচ্ছে’ বলে অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি মতুয়া, রাজবংশী থেকে শুরু করে পিছিয়ে পড়া ও গরিব মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। বিজেপি ভয় দেখাচ্ছে যে এসআইআর-এর জেরে নতুন ভোটার তালিকায় নাম না থাকলে সকলকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করে পাঠানো হবে। অসীম সরকারের মতো একাধিক বিজেপি বিধায়ক বারবার এমন হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ তৃণমূলের। যদিও রাজনৈতিক মহলের একাংশের মত, এই ধরনের ধারাবাহিক হুমকির ফলে আখেরে গেরুয়া শিবিরেরই ক্ষতি হতে পারে (Suvendu Adhikari)।






