শিয়ালদহ মেন লাইনের যাত্রীদের জন্য বিরাট সুখবর! সোমবার থেকেই ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে রেল
বিশেষ করে শিয়ালদহ-গেদে শাখায় যাতায়াতকারী দৈনিক যাত্রীরা এই নতুন রেল পরিষেবার ফলে সরাসরি উপকৃত হবেন।
Truth of Bengal: শিয়ালদহ মেন লাইনের হাজার হাজার নিত্যযাত্রীর জন্য স্বস্তির খবর নিয়ে এল রেল কর্তৃপক্ষ। যাত্রী পরিষেবা আরও উন্নত করতে আগামী ১৬ মার্চ, সোমবার থেকে একগুচ্ছ নতুন ট্রেন এবং যাত্রাপথ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন। বিশেষ করে শিয়ালদহ-গেদে শাখায় যাতায়াতকারী দৈনিক যাত্রীরা এই নতুন রেল পরিষেবার ফলে সরাসরি উপকৃত হবেন।
রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩১২২৭ শিয়ালদহ-বারাকপুর লোকালটি এখন থেকে গেদে পর্যন্ত চলাচল করবে। নতুন সময়সূচি অনুযায়ী, ৩৯১৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল ৯টা ২৮ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ৭ মিনিটে গেদে পৌঁছাবে। একইভাবে ৩১২২৬ ডাউন গেদে-শিয়ালদহ স্পেশাল হিসেবে ৩১৯৩০ নম্বর ট্রেনটি সকাল ৮টা ২৬ মিনিটে গেদে থেকে ছেড়ে সকাল ১০টা ৫৭ মিনিটে শিয়ালদহ স্টেশনে প্রবেশ করবে। এছাড়া ৩১৪৩১ আপ শিয়ালদহ-নৈহাটি লোকালটির যাত্রাপথও গেদে পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি ৩১৯৩৩ নম্বর স্পেশাল ট্রেন হিসেবে বিকেল ৪টে ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে গেদে পৌঁছাবে। নতুন রেল পরিষেবার তালিকায় আরও বড় চমক হলো গেদে থেকে সরাসরি মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলাচল। যাত্রীদের সুবিধার্থে গেদে-রানাঘাট এবং নৈহাটি-মাঝেরহাট পরিষেবাকে সংযুক্ত করে ৩০১৪৪ ডাউন গেদে-মাঝেরহাট স্পেশাল ট্রেনটি চালানো হবে। ট্রেনটি বিকেল ৪টে ১৫ মিনিটে গেদে থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে মাঝেরহাট পৌঁছাবে। এর পাশাপাশি রানাঘাট ও গেদের মধ্যেও তিনটি নতুন বিশেষ ট্রেন চালু করা হচ্ছে, যা সকাল ৭টা ৫ মিনিট, দুপুর ১টা এবং রাত ৮টা ২৫ মিনিটে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।
নতুন ট্রেন চালানোর পাশাপাশি একটি পুরনো ট্রেনের সময়সূচিতেও সামান্য পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ৩১৩৩৩ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালটি নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে অর্থাৎ বিকেল ৪টে ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই সমস্ত নতুন পরিষেবা আপাতত পরীক্ষামূলকভাবে শুরু করা হচ্ছে এবং পরবর্তীকালে যাত্রীদের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত সময়সূচি জানতে যাত্রীদের সংশ্লিষ্ট স্টেশনের নোটিশ বোর্ড বা রেলের ডিজিটাল প্ল্যাটফর্ম দেখার অনুরোধ জানানো হয়েছে।


