আরজি কর কাণ্ডে ব্যর্থ সিবিআই! ফের কেন্দ্রকে আক্রমণ অভিষেকের
আরজি কর হত্যাকান্ড নিয়ে ফের মোদি সরকারকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের।
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর হত্যাকান্ড নিয়ে ফের মোদি সরকারকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। ঘাসফুল শিবিরের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই বিষয়ে ফের গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বক্তব্য, রাজ্য পুলিশ ২৪ ঘন্টায় যা করে দেখিয়েছে, তা মোদি সরকারের সিবিআই এক বছরেও করতে পারেনি।
[আরও পড়ুন: Lionel Messi: মেসির জাদুতে ফাইনাল নিশ্চিত ইন্টার মায়ামির, উরুর চোট সারিয়ে ফিরেই জয়]
গত বছর ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা জনসম্মুখে আসতেই গোটা বাংলাজুড়ে শুরু হয় প্রতিবাদ। জুনিয়র ডাক্তারদের সঙ্গে পথে নামেন সাধারণ মানুষের একাংশ। রাত দখল, নবান্ন অভিযান থেকে শুরু করে দ্রোহের কার্নিভাল, একাধিক কর্মসূচি নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পান। জামিন পান প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল। সিবিআই তদন্ত তেমন দাগ কাটতে পারেনি।
এবার এই বিষয়ে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে ফের কেন্দ্রকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, “এই সময় গতবার গোটা রাজ্যে তোলপাড় চলছিল আরজি কর নিয়ে। তখন বলেছিলাম, সেই নারীদের সম্মান জানাই যারা রাত দখলের লড়াই করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেটা ২৪ ঘন্টায় করে দেখিয়েছে, তা নরেন্দ্র মোদির সিবিআই এক বছরেও করে দেখাতে পারেনি।”
[আরও পড়ুন: Ghatal: বন্যার কবলে ঘাটাল, পুজোর আগে স্বস্তি কোথায়? আতঙ্কে বাসিন্দারা]
এরপর অপরাজিতা বিলের প্রসঙ্গ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেন বিধানসভায় পাশ হওয়া সত্বেও এই বিল আইনে পরিণত হলো না, সেই প্রশ্ন তিনি তোলেন। ঘাসফুল শিবিরের সেনাপতি বলেন, “রাত দখলকারীদের উদ্দেশ্য শুধু এর প্রতিবাদ করা নয়, স্বাস্থ্য ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া। না হলে সেই সিপিএম কোথায়? কেন প্রতিবাদ নেই তাদের বিরুদ্ধে যারা এই বিল আটকে রাখল? কেন রাস্তায় নামেনি?”






