দেশ

একধাক্কায় ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, মাথায় হাত বিনিয়োগকারীদের

মূলত তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চলে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলা এবং আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর খবর চাউর হতেই বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে।

Truth Of Bengal: আমেরিকা-ইজরায়েল ও ইরানের মধ্যেকার বিধ্বংসী যুদ্ধের সরাসরি প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে। সোমবার সপ্তাহের শুরুতেই দালাল স্ট্রিটে বড়সড় ধস নেমেছে। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স ২০০০ পয়েন্টের বেশি পড়ে গিয়ে ৭৬,৭৪১.২৯-এর ঘরে নেমে আসে।

নিফটিও পাল্লা দিয়ে ৬৪৭ পয়েন্টের বেশি পড়ে দাঁড়িয়েছে ২৩,৮০২.৮৫ পয়েন্টে। মূলত তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চলে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলা এবং আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর খবর চাউর হতেই বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। এর পালটা জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। এই যুদ্ধের আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং, আইটি এবং মেটাল বা ধাতব সংস্থাগুলির শেয়ার।

শেয়ার বাজারের এই রক্তক্ষরণের নেপথ্যে প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা জ্বালানি তেলের সংকটকে দায়ী করছেন। যুদ্ধের ফলে তেলের প্রধান বাণিজ্যিক পথ ‘হরমুজ প্রণালী’ কার্যত বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে কোনো তেলবাহী জাহাজই ভারত মহাসাগরে ঢুকতে পারছে না। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ায় বিশ্ববাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এই অনিশ্চিত পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকি না নিয়ে ভারতীয় বাজার থেকে দ্রুত টাকা তুলে নিচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়ছে সেনসেক্স ও নিফটির সূচকে। ভারত-সহ একাধিক দেশ শান্তিপ্রস্তাব দিলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বাড়ছে।

Related Articles