রাজ্যজুড়ে উধাও শীতের স্পেল! বর্ষশেষের আগে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল হাওয়া অফিস
Weather update of West Bengal

The Truth of Bengal: সামনেই উৎসবের মরসুম। তবে এবারে বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত আদৌ ঠাণ্ডা থাকবে কিনা, তা নিয়ে কিন্তু ভালোই সংশয় রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বড়দিনে সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে যাবে। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের দুই ডিগ্রি ওপরে রয়েছে। আগামী দিনে রাজ্যে আরও এক থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে।
কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলগুলিতে রবিবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। বাড়বে রাতের তাপমাত্রা। আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ। পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। কলকাতাতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৮ থেকে ৯২ শতাংশ।
একই অবস্থা থাকবে দক্ষিণবঙ্গেও। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকেই ঊর্ধ্বমুখী থাকবে পারদ। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দু’তিন দিনে। এরপর কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে। বেলা বাড়লে অবশ্য পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এমনকী রাতের দিকেও তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে জানা গিয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে আবহাওয়া স্বাভাবিকই থাকবে। তবে কুয়াশার বেশি সম্ভাবনা রয়েছে কোচবিহারে। আজ ও কাল সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা নেই।
দেশের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায়। জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ সহ পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে পাঞ্জাব এবং হরিয়ানা ও উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়। ঘন কুয়াশা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। পাঞ্জাবে দৃশ্যমানতা ৫০ মিটারের কমে নেমে আসতে পারে। আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে ভোর বেলায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি কুয়াশা ত্রিপুরাতে সম্ভাবনা।পাঞ্জাব শৈত্য প্রবাহের পরিস্থিতি।
Free Access






