সিআইডি তলবে আজ যাচ্ছেন না অভিষেক, হামলার পর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ
এই পরিস্থিতিতে আজ দুপুর ১২টায় ভবানীভবনে রাজ্য তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না
Truth of Bengal: শনিবার সোনারপুরে পুঞ্জীভূত জনরোষের মুখে পড়ে আক্রান্ত হওয়ার পর, সোমবার সিআইডি (CID) তলবে সাড়া দিচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় ও পারিবারিক সূত্রে খবর, হামলার জেরে ডায়মন্ড হারবারের এই সাংসদের শারীরিক অবস্থা এখনও বেশ কাহিল। তাঁর চোয়ালে তীব্র ব্যথা রয়েছে এবং সারা গায়ে কালশিটে দাগ পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আজ দুপুর ১২টায় ভবানীভবনে রাজ্য তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। নবান্ন ও সিআইডি সূত্রে জানা গিয়েছে, তৃণমূল বিধায়কদের সই জাল করার একটি মামলার তদন্তের পরিপ্রক্ষিতে সোমবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছিল। শনিবার হামলার মুখে পড়ার ঠিক আগেই কালীঘাটের বাড়ি থেকে তিনি সেই নোটিস গ্রহণ করেন।
তবে রবিবারের পর সোমবারও তাঁর শারীরিক অস্বস্তি না কমায়, এদিন তিনি হাজিরা এড়াচ্ছেন। সূত্রের খবর, অভিষেকের আইনজীবীদের মারফত সিআইডি-র কাছে ইতিমধ্যেই একটি চিঠি পাঠানো হচ্ছে। সেখানে তাঁর বর্তমান শারীরিক অসুস্থতার বিশদ বিবরণ দিয়ে এবং বেশ কিছু ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও স্ক্যান এখনও বাকি রয়েছে জানিয়ে হাজিরার জন্য রাজ্য গোয়েন্দা সংস্থার কাছে আরও কিছুটা সময় চেয়ে নেওয়া হবে। শনিবার রাতে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতাল থেকে ৫৭ মিনিট পর প্রাথমিক পরীক্ষা করিয়ে অভিষেককে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল তাঁকে ভর্তি না নিলেও মমতা অভিযোগ করেছিলেন, রাজনৈতিক চাপে হাসপাতাল কর্তৃপক্ষ সঠিক চিকিৎসা করেনি।






