কলকাতারাজ্যের খবর

রাজ্যে শীতের আমেজ, ২০ ডিগ্রির নিচে কলকাতার তাপমাত্রা

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্যের তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

Truth Of Bengal: রাজ্যে ধীরে ধীরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। নভেম্বরের শুরুতেই আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হচ্ছে। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়া প্রবেশ করতে শুরু করেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্যের তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

গত কয়েকদিন ধরে রাজ্যের অধিকাংশ জায়গায় তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে ঘোরাফেরা করছে। রবিবার কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে ধারণা।

রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোরের দিকে এবং গভীর রাতে কুয়াশা দেখা যাচ্ছে। কোথাও কোথাও কুয়াশা ঘন আকার নিচ্ছে। পশ্চিমাঞ্চল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার প্রভাব তুলনামূলকভাবে বেশি।

অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালবেলায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা কুয়াশা পড়তে পারে। পার্বত্য অঞ্চলে কুয়াশার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। সার্বিকভাবে রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Related Articles