রাজ্যের খবর

শালিমারে ঢোকার মুখেই লাইনচ্যুত লোকাল ট্রেন! বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা

রেল পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি

Truth of Bengal: শালিমার স্টেশনে ঢোকার মুখে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি লোকাল ট্রেন। সাঁতরাগাছি থেকে শালিমার আসার পথে তিন নম্বর প্ল্যাটফর্মের কাছে আচমকাই ট্রেনটির একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় রেল পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, ট্রেনটি যখন লাইনচ্যুত হয়, তখন সেটিতে কোনো যাত্রী ছিলেন না। খালি ট্রেন হওয়ায় প্রাণহানির মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ আহতও হননি। তবে দুর্ঘটনার জেরে তিন নম্বর প্ল্যাটফর্মে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলের ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু করেছেন। ঠিক কী কারণে এই বিপত্তি ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রেলের এই সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। মাত্র কয়েক দিন আগেই ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা স্টেশনের কাছে চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল। সেই সময় ট্রেনটির দুটি অসংরক্ষিত এবং একটি এসি কামরা লাইনচ্যুত হয়। ওই কামরাগুলোতে প্রায় চারশো যাত্রী ছিলেন, যাদের মধ্যে বড় একটি অংশ ছিল বাংলার পরিযায়ী শ্রমিক। চেন্নাই থেকে বাড়ি ফেরার পথে সেই দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছিলেন।