কলকাতারাজনীতি

INDIA জোটের কো-অর্ডিনেশনের প্রথম বৈঠকের দিনেই অভিষেককে তলব ইডি-র

ED serves notice to Trinamool Congress leader Abhishek Banerjee

The Truth of Bengal: বিজেপি বিরোধী জোটের মুম্বই বৈঠকের দিনেই ঠিক হয়েছিল একটি কো-অর্ডিনেশন কমিটি। সেই কমিটির অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কমিটির প্রথম বৈঠক হবে ১৩ সেপ্টেম্বর তা আগেই ঠিক হয়েছিল। আর ঠিক ওই দিনই ইডি-র তরফে তলব করা হল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

তৃণমূলের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে, তদন্তের নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি হেনস্থা করছে। আর এই ঘটনা নতুন নয়। এর আগে পঞ্চায়েত নির্বাচনের আগেও তৃণমূলে নবজোয়ার কর্মসূচি চলার সময় ডাক পড়েছিল অভিষেকের। সেবার বাঁকুড়ার পাত্রসায়রে কর্মসূচি বন্ধ রেখে, হাজিরা দিয়েছিলেন। তারপরেও আরও একবার ডাকা হয়, কিন্তু তিনি সাফ জানিয়েছিলেন নির্বাচন না মেটা পর্যন্ত তিনি হাজিরা দেবেন না।

এবার ফের একবার তলব করা হল অভিষেককে, আর এমন সময় করা হল, যে সময়টা অনেকটাই তাৎপর্যপূর্ণ। INDIA জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠক আগামী ১৩ সেপ্টেম্বর। সেই দিনেই তলব করেছে ইডি। রবিবার সন্ধ্যায় সেই খবর X প্ল্যাটফর্মে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তাঁর অভিযোগ, তাঁর কাজে বাধা দিতে ইডির এই ধরণের ‘কাপুরুষোচিত’ পদক্ষেপ করছে! INDIA-জোট দেখে ভয় পেয়েই এই ধরণের কাজ করা হচ্ছে বলে তাঁর দাবি।

এর আগে দেখা গিয়েছে, যতবারই ইডি বা সিবিআইয়ের তরফে তলব করা হয়েছে, ততবারই তিনি গিয়ে নিজের নথি সময়মতো জমা দিয়ে এসেছেন। কিন্ত এবার কো-অর্ডিনেশন কমিটির বৈঠকের ঠিক দু দিন আগেই নোটিস দিয়ে ১৩ সেপ্টেম্বর হাজিরা দেওয়া কথা বলা হয়েছে। পাশাপাশি X প্ল্যাটফর্মে নাম না করে ৫৬ ইঞ্চি ছাতির মডেলকে কটাক্ষ করেছেন।

Related Articles