দেশ

বন্দে ভারতে পাথর হামলা! অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

ঘটনার গুরুত্ব বিবেচনা করে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে

Truth of Bengal: উত্তরপ্রদেশের হরদই জেলায় লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই ট্রেনের যাত্রী তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। পাথরের আঘাতে ট্রেনের সি-৪ কোচের জানলার কাচ ভেঙে গেলেও ভাগবত সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

রেল সূত্রে খবর, লখনউ থেকে মীরাট যাওয়ার পথে হরদই জেলার কৌধা গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই ট্রেনটি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে একদল কিশোর। এর ফলে ট্রেনের জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়। যদিও এতে আরএসএস প্রধানের কোনো শারীরিক আঘাত লাগেনি, তবে এই ঘটনায় ভিআইপি যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। রাত ৯টা নাগাদ কড়া নিরাপত্তার ঘেরাটোপে মীরাট স্টেশনে পৌঁছান তিনি। সেখান থেকে তিনি শতাব্দী নগরের মাধব কুঞ্জে গিয়েছেন, যেখানে তাঁর দুই দিনের একটি সংলাপ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

মীরাটের সার্কল অফিসার (সিটি) অঙ্কিত মিশ্র এই হামলার কথা স্বীকার করে জানিয়েছেন যে, রেল লাইনের ধারে ৮ থেকে ১৩ বছর বয়সী কিছু শিশু খেলছিল এবং তারাই আচমকা ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। অভিযুক্ত শিশুদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বর্তমানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। বন্দে ভারত এক্সপ্রেসে এই ধরনের বিপত্তি এবারই প্রথম নয়। এর আগে মুম্বইয়ের কুডাল ও সিন্ধুদুর্গ স্টেশনের মাঝে গবাদি পশুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ওভারহেড ইকুইপমেন্টের ব্যাপক ক্ষতি হয়েছিল, যার জেরে কয়েক ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত হয়।

Related Articles