বিনোদন

জল্পনার অবসান! ভাইরাল হলো রশ্মিকা-বিজয়ের বিয়ের কার্ড, চার হাত এক হচ্ছে কবে?

রাজস্থানের উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির

Truth of Bengal: দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে দীর্ঘদিনের জল্পনা এবার তুঙ্গে। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা চললেও, এবার সরাসরি তাঁদের বিয়ের নিমন্ত্রণপত্র বা ওয়েডিং কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই কার্ডে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির।

ভাইরাল হওয়া ওই কার্ডটি থেকে জানা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানটি হবে অত্যন্ত ব্যক্তিগত এবং আড়ম্বরহীন। যেখানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন। তবে উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার পর ৪ মার্চ হায়দরাবাদের একটি বিলাসবহুল হোটেলে জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনা বা রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

যদিও এই ভাইরাল কার্ডের সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। রশ্মিকা বা বিজয়—দুই তারকার কেউই এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনার আগুন আরও উসকে গেছে। বিমানবন্দরে তাঁরা আলাদাভাবে প্রবেশ করলেও, পরে দুজনকে একই গাড়িতে করে গন্তব্যের দিকে রওনা হতে দেখা যায়। যা দেখে অনুরাগীদের বিশ্বাস, বিয়ের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। রশ্মিকা ও বিজয়ের পর্দার রসায়ন দর্শকদের বরাবরই মুগ্ধ করেছে। এখন ২৬ ফেব্রুয়ারি সত্যিই তাঁরা সাত পাকে বাঁধা পড়েন কি না, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি অনুরাগী। কার্ডটি যদি সঠিক হয়, তবে চলতি মাসেই ভারতীয় চলচ্চিত্র জগত আরও এক রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে।

Related Articles